বিশ্বকাপের মাঝপথে লাল কার্ড দেখে পরের ম্যাচে খেলার অনুমতি—ফুটবলে এমন ঘটনা প্রায় নজিরবিহীন। অথচ সেটিই ঘটেছে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ক্ষেত্রে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখলেও বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে বাধা থাকছে না তার। কারণ, ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল ২৭ প্রয়োগ করে এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশনে স্থগিত করেছে।
এই সিদ্ধান্ত অবশ্য পুরোপুরি নতুন নয়। ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার দারা ও'শিয়াকে কনুই মারার দায়ে রোনালদোকে লাল কার্ড দেয়া হয়। তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। রোনালদো একটি ম্যাচ ভোগ করার পর বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা একই নিয়মের আওতায় এক বছরের জন্য স্থগিত করে ফিফা। ফলে ২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামতে পারেন রোনালদো।
তবে বালোগুনের ঘটনা রোনালদোর চেয়েও বেশি বিতর্ক তৈরি করেছে। কারণ রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত হয়েছিল বিশ্বকাপ শুরুর আগেই, কিন্তু বালোগুনের ক্ষেত্রে সিদ্ধান্ত এসেছে চলমান বিশ্বকাপের নকআউট পর্বে। সেটাও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে। এখানেই প্রশ্ন তুলেছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। তাদের দাবি, লাল কার্ডের পর স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞার বিধান থাকা সত্ত্বেও আর্টিকেল ২৭ ব্যবহার করে সেটি স্থগিত করা ফিফার নিজস্ব নিয়মের সঙ্গেই সাংঘর্ষিক।
ফলে বিতর্কের কেন্দ্রবিন্দু এখন শুধু বালোগুন নন; বরং ফিফার শৃঙ্খলা বিধির ব্যাখ্যা।














