সদ্যই শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের সঙ্গে ড্র করেছে বাংলাদেশের ছেলেরা। এবার মেয়েরাও এশিয়ান কাপ বাছাই খেলবে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রতে বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের সঙ্গে। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মিয়ানমার ও বাহরাইন।
ফিফা র্যাংকিংয়ে মিয়ানমার রয়েছে ৫৫ নম্বরে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের অবস্থান ৯২তম। বাংলাদেশ রয়েছে ১৩৩ নম্বরে আর তুর্কমেনিস্তান ১৪১।
এশিয়ার ৩৪টি দেশ অংশ নেবে বাছাইপর্বে। আট গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। ছয় গ্রুপে আছে ৪টি করে দল। বাকি দুই গ্রুপে আছে ৫টি করে দল। আট গ্রুপের চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে যোগ দেবে বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে।
আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব হবে মিয়ানমারে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায়।
২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে আর্থিক কারণ দেখিয়ে মিয়ানমারে না পাঠানোয় নেতিবাচক সমালোচনার মধ্যে পড়েছিল বাফুফে। এবার এশিয়ান কাপ বাছাইয়ের খেলা সেই মিয়ানমারেই পড়েছে। এবার কি দল পাঠাবে বাফুফের নতুন প্রশাসন?
এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ৫৫ জন ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। ৬ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে সাবিনা, ঋতুপর্ণাসহ বিদ্রোহী ফুটবলারদের। কোচ পিটার বাটলারের অধীনে আর খেলবেন না বলে আল্টিমেটাম দিয়েছিলেন ১৮ জ্যেষ্ঠ ফুটবলার। যদিও বাফুফে এতে নমনীয় হয়নি। এখন এই ফুটবলারদের পিটার বাটলার কীভাবে স্বাগত জানান, সেটাই দেখার বিষয়।
সম্প্রতি আরব আমিরাতের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। দুটিতেই ৩-১ গোলে হেরেছে আফিদা খন্দকারের নেতৃত্বাধীন দল।








