আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর। ৮ দলের এ আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ। আজ সোমবার মিরপুরে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে জাকের আলী অনিক এ কথা বলেছেন।

জাকের আলী বলেন, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।’

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

টাইগাররা আগে কখনো এশিয়া কাপ জেতেনি। তবে শ্রীলংকা ও পাকিস্তানকে টানা দুটি সিরিজে হারিয়ে বাংলাদেশ দল এখন বেশ আত্মবিশ্বাসী। তাই এবার নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে নামবেন লিটন-জাকেররা। দলের ভেতরে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেটা বাংলাদেশকে ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন জাকের।

শুধু টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ঘাটতি পূরণে এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ করেছে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। স্থানীয় কোচ আর নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করার পর তিনি যুক্ত হয়েছেন জাতীয় দলের সঙ্গে। মিরপুরে তিনদিনের অনুশীলন শেষে আগামী পরশু সিলেটে শুরু হবে মূল স্কিল ক্যাম্প। উডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জাকের বললেন, ‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে আরো উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরো ভালো করতে পারে। যারা টাইমার, তাদের কীভাবে আরো ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’

উডের সঙ্গে চুক্তি মাত্র ২৮ দিনের। আগামী ৩ সেপ্টেম্বরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় কিছু মৌলিক কাজ করানো হয়েছে, সিলেটে হবে তারই অনুশীলন। অল্প কয়েক দিনে দৃশ্যমান কোনো উন্নতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জাকের বলেন, ‘এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। কী উন্নতি হলো, কী না হলো, এগুলো বুঝতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদের যে কাজগুলো দেয়া হয়েছে, ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো অবশ্যই কাজে আসবে।’

বাংলাদেশ দলের পাওয়ার হিটার খ্যাত জাকের বললেন, অভিজ্ঞতাটা ভালোই হচ্ছে তার।