টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেকর্ড ১৭৫ রানের জুটিতে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এটা চলতি আসরে কিউইদের টানা দ্বিতীয় জয়। এর আগে তারা আফগানিস্তানকে ৫ উইকেটে হারায়। মঙ্গলবার রাতের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়েছে পাকিস্তান। এটা তাদের দ্বিতীয় জয়। এই জয়ে ভারত ম্যাচের মহড়া সেরে নিলেন বাবর আজমরা।
চেন্নাইতে ১৭৪ রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ১৭৫ রানে অবিচ্ছিন্ন থাকেন সেইফার্ট ও অ্যালেন। সেইফার্ট ৪২ বলে ৮৯ ও অ্যালেন ৫০ বলে ৮৪ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটা যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তারা টপকে গেছেন অ্যালেক্স হেলস ও জস বাটলারের ১৭০ রানের রেকর্ড। ২০২২ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৬ ওভারে ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে ১০ উইকেটে জিতিয়েছিলেন বাটলার ও হেলস।
আগে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে আরিয়াংশ শর্মাকে হারায় আরব আমিরাত। এরপর শরাফু ও ওয়াসীম ৭৭ বলে ১০৭ রানের দারুণ এক জুটিতে আরব আমিরাতের সংগ্রহ একশ পার করান। শরাফু ৪৭ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরে যান। ওয়াসীম দায়িত্বটা তখনই শেষ করেননি। তিনি বাকিদের নিয়ে দলের সংগ্রহটা ১৭৩ পর্যন্ত নিয়ে যান।
মঙ্গলবার রাতে শ্রীলংকার কলম্বোয় আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ৪১ বলে ৭৩, বাবর আজম ৩২ বলে ৪৬ ও শাদাব খান ১২ বলে ৩০ রান করেন। জবাবে যুক্তরাষ্ট্র ৮ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয়। উসমান তারিক তিনটি ও শাদাব খান দুটি উইকেট নেন।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে নামিবিয়া। বাস ডি লিডির ব্যাটে ভর করে দুই ওভার হাতেই রেখেই এই রান তুলে নেয় ডাচরা। ডি লিডি ৪৮ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন।









