নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরুর মাত্র কয়েক দিন আগে জার্সির নকশা পরিবর্তন করতে হচ্ছে হাইতিকে। স্বাধীনতা যুদ্ধের একটি ঐতিহাসিক দৃশ্য সংবলিত জার্সিটি ফিফার বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে দেশটিকে।
হাইতির জার্সিতে ১৮০৩ সালের ভেরতিয়ের যুদ্ধের একটি চিত্রায়ণ ছিল, যে যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায়। জাতীয় পতাকাসহ সেই যুদ্ধের দৃশ্য বিশ্বকাপ-পূর্ব দুটি প্রীতি ম্যাচে ব্যবহৃত জার্সিতে ছিল।
তবে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিধিমালায় জার্সিতে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা কিংবা স্লোগান ব্যবহারের অনুমতি নেই।
হাইতির জার্সি প্রস্তুতকারী কলম্বিয়ান প্রতিষ্ঠান সেইতা এক বিবৃতিতে জানায়, মূল নকশাটি ছিল হাইতির ভবিষ্যৎ গঠনে প্রতিদিন অবদান রাখা নারী-পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এটি কোনো রাজনৈতিক বার্তা হিসেবে তৈরি করা হয়নি।
প্রতিষ্ঠানটি আরো জানায়, ফিফা মনে করেছে জার্সির কিছু দৃশ্য তাদের বিধিমালার সঙ্গে যাচ্ছে না। ফলে তারা নকশায় পরিবর্তনের অনুরোধ জানায়।
১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে হাইতি। আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’-তে হাইতির অন্য দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কো।
এর আগে ১৯৭৪ সালের একমাত্র বিশ্বকাপ অংশগ্রহণে হাইতি গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হেরেছিল এবং মোট ১৪টি গোল হজম করেছিল। এবার ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফিরে তারা নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।














