সমীকরণ ছিল আজ সোমবার সাইফ স্পোর্টিং ক্লাবকে হারাতে পারলেই দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জের শহীদ বীর শ্রেষ্ঠ লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সেই সমীকরণ মিলাতে কোনো ভুল করেনি কিংস। ২-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে। এতে টানা তিন মৌসুমে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের শিরোপা জিতল বসুন্ধরা।

 

দলের জয়ে প্রথমার্ধের ২৮ মিনিটে মতিন মিয়া ও দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে গোল করেন বিপুল আহমেদ। যদিও খেলার ৩৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। এর পরও সাইফ স্পোর্টিং টলাতে পারেনি ১০ জনের বসুন্ধরাকে।

 

এ জয়ে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর ৪১ পয়েন্ট। বসুন্ধরার আরো দুটি ম্যাচ বাকি আছে চলতি মৌসুমে। তিনটি ম্যাচ বাকি আবাহনীর। আগামী ২৫ জুলাই দুদল মৌসুমের ফিরতি লেগে মুখোমুখি হবে।

 

পেশাদার লিগে এর আগে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড আছে শুধু ঢাকা আবাহনীর। লিগ শুরু হওয়ার পর প্রথম তিনটি শিরোপা জিতেছিল তারা। লিগের সর্বোচ্চ ছয়টি শিরোপাও তাদের।