দু দুবার হার্ট অ্যাটাকের পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) আছেন। তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাভারের শেখ ফজিলাতুন্নেছা কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর রাজীব।
তামিমের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে আজ দুপুরে সাংবাদিকদের রাজিব বলেছেন, ‘যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’
তবে এখনো জটিলতা কাটেনি বলে তিনি জানান। রাজীব বলেন, ‘এখনো পুরোপুরি জটিলতা কাটেনি। একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট পরানোর পরও তিনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।’
এদিকে, তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ বিকালে তিনি কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান। আগামী ৪৮ ঘণ্টা তামিম পর্যবেক্ষণে থাকবেন তামিম। এর মধ্যে ২৪ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেবাশীষ।
বিসিবির জ্যেষ্ঠ পরিচালক মাহবুবুল আনাম তামিমকে দেখে বেরিয়ে আসার সময় সংবাদকর্মীরা ঘিরে ধরলে তিনি জানান, তার পরিবারের পক্ষ থেকে এখন কথা বলতে মানা করেছেন এবং তামিমের জন্য তারা দোয়া চেয়েছেন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে এবং সব সমর্থক ও কৌতুহলী মানুষদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছে ক্রিকেট সংস্থাটি।
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। সকালে মোহামেডান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে টসেও অংশ নেন। এরপর ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের শেখ ফজিলাতুন্নেছা কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।
তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার মাত্রা বিবেচনায় নিয়ে হেলিকপ্টারে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেয়া হয়।
হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।
তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও অন্য পরিচালকরা। এর আগে তামিমের অসুস্থতার খবরে ১৯তম বোর্ডসভা স্থগিত করে বিসিবি।
সম্প্রতি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন তামিম। এর মধ্য দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। তিনি এখন ঘরোয়া লিগ খেলে যাচ্ছেন।








