ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়া হামজা চৌধুরী ফুটবলে নতুন করে স্বপ্ন দেখাচ্ছিলেন। অভিষেক ম্যাচে তিনি দারুণ খেলেছেন। যদিও তার অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল না গোলের অভাবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে, অনেক সুযোগ পেয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। কারণ, ভালো সুযোগগুলোকে গোলে রূপ দিতে ব্যর্থ হয় সফরকারীরা।
ম্যাচে গোলের পাঁচটি পরিষ্কার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে প্রথমার্ধেই ছিল তিনটি। পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়ার সুযোগ এলেও তা লুফে নিতে ব্যর্থ হলো হাভিয়ের কাবরেরার দল।
নিজেদের মাঠে বাংলাদেশের কাছে কোনঠাসা হয়ে পড়া ভারত ড্র করতে পেরেই হয়তো খুশি। ২০০৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হারের মুখে পড়েও শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে মানোলো মার্কুয়েজের দল। অনেকটা ছন্নছাড়া ফুটবল খেলেছে স্বাগতিকরা।
বাংলাদেশ দলে অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলেছেন ব্রিটেন প্রবাসী হামজা চৌধুরী। সর্বত্রই তাকে দেখা গেছে। আলো ঝলমলে পারফরম্যান্সে তিনি প্রশংসিত হয়েছেন। অন্যদিকে, অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধে খানিকটা উন্নতি করলেও গোল পাননি।
‘সি’ গ্রুপে ফিরতি ম্যাচ খেলবে নভেম্বরে ঢাকায় আসবে ভারতীয় দল।
কিক অফের পরই গোলের সুযোগ আসে। ১ মিনিটের মাথায় ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার ভিশাল কাইথ। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মেরেছেন জনি। ৯ মিনিটে ডান প্রান্ত মোরসালিনের ক্রস পেয়েছিলেন বক্সে দাঁড়ানো শাহরিয়ার ইমন। কিন্তু তার হেড ভারতের গোল পোস্টের পাশ ঘেঁষে চলে যায়।
ম্যাচের ১৫ মিনিটে কর্নারের বলে ভারতের গোলকিপার ভিশাল কিক নিতে যাওয়ার সময় বল তপুর পেছন দিকে লেগে বাম প্রান্তে চলে যায়। একেবারে ফাঁকা পোস্ট সামনে পেয়েও গোল করতে পারেননি হৃদয়। সামনে ভারতের ডিফেন্ডার শুভাশীষ এসে পড়ায় তার পায়ে মারেন হৃদয়। সব মিলে প্রথম ২০ মিনিটে তিনটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ।








