টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পরাশক্তি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গত আসরের সেমিফাইনালিস্ট আফগানিস্তান। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় চেন্নাইতে শুরু হবে এ ম্যাচটি। বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর প্রাক্কালে আলোচনায় রশিদ খানের মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র ৪ উইকেট দূরে তিনি। আজ তিনি সাতশর চূড়ায় উঠতেন পারেন কিংবা আরো কাছাকাছি পৌঁছে যেতে পারেন।

কিউইদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন আফগান দলনায়ক রশিদ খান। মাইলফলকের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ভালো লাগছে। সব মিলে নয়-দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছি এবং এ মুহূর্তে শীর্ষ উইকেটশিকারি হওয়ার আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। ২০০৪-০৫ সালের দিকে আসা টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক খেলোয়াড় খেলেছেন, তাই এটা আমার জন্য বিরাট এক অর্জন। কিন্তু আমি কখনই আমার উইকেটসংখ্যা গুণি না। আমি কেবল মিডিয়া থেকে এটা জানি: আচ্ছা, আমি ৪০০, ৫০০ কিংবা ৬০০ পেয়েছি। সত্যিই আমি এটা নিয়ে খুব একটা ভাবি না। কেবল প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি, দলের জন্য উইকেট নেয়ার চেষ্টা করি। দলের যখন খারাপ সময় যায় তখন কঠিন পরিস্থিতিতে আমি বল করে এবং সেটিতেই আমি মনোযাগ দেই। সাতশ উইকেট ছোটখাটো কোনো ব্যাপার নয়, সেখানে পৌঁছানো অনেক সময় আর কঠোর পরিশ্রমের ব্যাপার। আমি ভাগ্যবান। আমি খুশি এবং আশাবাদী যে ৭ হাজার নিতে পারব (হাসি)।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এছাড়া পাঁচশর বেশি উইকেট আছে সুনিল নারাইন (৬১৩), ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮) ও সাকিব আল হাসানের (৫০৭)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৮৭ উইকেট শিকার করেছেন রশিদ। এছাড়া সাবেক কিউই পেসার টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে দুইয়ে, একই দেশের ইস সোদি ১৬২ উইকেট নিয়ে তিনে ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ১৫৮ উইকেট নিয়ে চারে অবস্থান করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৫০ উইকেট শিকারের রেকর্ডটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৩৭ উইকেট নিয়ে রশিদ খান পাঁচে। এ দুজনের মধ্যে তিনজন অবসরে। সাকিবকে ধরতে চলতি আসরে অন্তত ১৩ উইকেট নিতে হবে রশিদকে।

রশিদের বয়স কেবলই ২৭ এবং এখনো টি-টোয়েন্টিতে অনেক ক্রিকেট খেলতে সমর্থ হবেন। এরই মধ্যে তিনি দেশের তরুণ প্রজন্মকে স্পিনে অনুপ্রাণিত করছেন। ২১ বছর বয়সী নূর আহমাদ তাকে আদর্শ মেনে এরই মধ্যে নাম কুড়িয়েছেন। তিনি খেলছেন আইপিএলের মতো শীর্ষ লিগে, আর আফগানিস্তান জাতীয় দলেও। উঠে আসছে আরব গুলের মতো নতুন মুখ।

রশিদের উত্তরসূরি হিসেবে নূর আহমাদ, মুজিব উর রহমান, আল্লাহ গাজানফাররা স্পিন দিয়ে এরই মধ্যে বিশ্বে সাড়া ফেলেছেন। এ নিয়ে প্রশ্ন করা হলে রশিদ খান বলেন, ‘অনেক খুশি। আগামীকাল (আজ) আমি যদি নাও খেলি, আমি যদি না থাকি, আমাদের ব্যাকআপ আছে এবং দারুণ সব বোলার আছে যারা শূন্যতা পূরণ করতে সমর্থ হবে। আরব গুল, কায়েস আহমাদ, মুজিব, গাজানফার, ওয়াকার সালামখিল ও ওয়াহিদুল্লাহ জাদরান ভালো করছে। তারা আমাদের ওপর পেছন থেকে চাপ প্রয়োগ করে যাচ্ছে, কাজেই আমাদের আরো ভালো করতে হচ্ছে।’

এদিকে, আজ বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সহ-স্বাগতিক শ্রীলংকার। কলম্বোয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তারা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া কলকাতায় বিকাল সাড়ে তিনটায় দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে নেপালের বিপক্ষে।