বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, কৃতী অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা এখনো খোলা। দল নির্বাচনের সময় ফিট থাকা সাপেক্ষে তিনি বিসিবির নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে গতকাল বোর্ডসভা শেষে জানিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ার‍ম্যান আমজাদ হোসেন বলেন, ‘বোর্ডে এ ব্যাপারে (সাকিব) আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসেবিলেটি—সঙ্গে হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচনা করবে। সাকিব আল হাসান অন্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। কারণ, ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজনমতো।’

আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে আসা হয়নি সাকিবের। তার নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়। দেশে আসতে না পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে অবসর নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখন সাকিবকে নিয়ে দল ঘোষণা হলেও প্রতিবাদের মুখে আর দেশে ফিরতে পারেননি। এখন হুট করেই আবার তাকে জাতীয় দলে খেলানোর বিষয়টা সামনে এসেছে।

বিসিবি মিডিয়া বিভাগের প্রধান বলেন, ‘সকল হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের জন্যই তার নাম নির্বাচক প্যানেলে বিবেচনা করা হবে।’ এত দিন এই বিবেচনা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এত দিন কী ছিল, জানি না। আজকে (শনিবার) মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি জানাচ্ছি। এরই মধ্যে আমাদের সভাপতিকে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতে। তার ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে, সেটা তার নিজস্ব। সেগুলোকে যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে, সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। এটাই হলো মূল কথা।’