টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ মঙ্গলবার ইংল্যান্ডকে ১৬৫ রান টার্গেট দেয় পাকিস্তান। শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয়া পাকিস্তান ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। যদিও পরে অধিনায়ক হ্যারি ব্রুক সেঞ্চুরি করে ২ উইকেটে জেতান ইংল্যান্ডকে। ৫১ বলে ১০০ রান করেন ব্রুক। এই জয়ে সবার আগে সেমিফাইনালে নাম লেখাল ইংল্যান্ড।

এর আগে ২৭ রানের মধ্যে সাইম আইয়ুব ও সালমান আগা আউট হয়ে গেলে পাকিস্তানকে টানেন সাহিবজাদা ফারহান ও বাবর আজম। ৪৪ বলে ৪৬ রান যোগ করেন দুজন। সাবেক অধিনায়ক বাবর ২৪ বলে ২৫ রান করে সাজঘরের পথ ধরলে ফখর জামানকে (১৬ বলে ২৫) নিয়ে ৩০ বলে ৪৯ রান যোগ করেন ফারহান।

১৬তম ওভারে দলের ১২২ রানের সময় আউট হয়ে যান ফারহান। তিনি ৪৫ বলে ৬৩ রান করেন ৭ বাউন্ডারি ও ২ ছক্কায়। শাদাব খান ১১ বলে ২৩ রান করলেও শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় স্কোরটা বড় করতে পারেনি পাকিস্তান। পরে ইংলিশ অধিনায়ক ব্রুক দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে দেন।

ইংল্যান্ডের লিয়াম ডসন তিনটি এবং জোফরা আর্চার ও জেমি ওভারটন দুটি করে উইকেট নেন।

এটা ইংল্যান্ডের দ্বিতীয় জয়। সুপার এইটে প্রথম ম্যাচে তারা হারায় শ্রীলংকাকে।