বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একদিনে চার পরিচালক পদত্যাগ করেছেন। শনিবার ম্যারাথন বোর্ড সভার পর পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী ও মঞ্জুর আলম। বর্তমান পরিচালনা পর্ষদের ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন এই নিয়ে সাতজন পরিচালক।
ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান তানিম। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। মেডিকেল বিভাগের ভার ছিল মঞ্জুরের কাঁধে। এই চারজনই গতকাল বিসিবির সভায় ছিলেন। সেখানে অনেক সিদ্ধান্তও হয়। কিন্তু এরপরই বোর্ড থেকে সরে গেলেন তারা।
গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। গত ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়ার পর পরিচালক পদ থেকেই সরে দাঁড়ান আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি ছিলেন লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান। সেই ধারাবাহিকতায় গতকাল সরে গেলেন তিন পরিচালক। গভীর রাতে পদত্যাগের ঘোষণা দেন মঞ্জুর আলম।
গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেয় বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল।









