এশিয়া কাপের মূল পর্বে উঠে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল আজ শনিবার গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে। ম্যাচের সাতটি গোলই প্রথমার্ধে করেন বাংলাদেশের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে উন্নতি করা তুর্কমেনিস্তান আর কোনো গোল হজম করেনি।

বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। মাত্র ২১ মিনিটেই স্কোরলাইন দাঁড়িয়ে যায় ৬-০! ম্যাচের ৪০তম মিনিটে কর্নার থেকে ঋতুপর্ণার অসাধারণ শটে আসে সপ্তম গোলটি। এ দুজনের বাইরে স্বপ্না রানী, তহুরা খাতুন ও মনিকা চাকমা একটি করে গোল করেন।

এর আগে বাহরাইনকেও ৭-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জ করে পিটার বাটলারের দল। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচেও ঝড় তুললেন ঋতুপর্ণা, মনিকা আর তহুরা খাতুনরা। ঋতুপর্ণা তিন ম্যাচে করলেন ৫ গোল। তিনি ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট পেল বাংলাদেশ। আজ বাহরাইনকে ৬-০ গোলে হারানো মিয়ানমারের সংগ্রহ ৬ পয়েন্ট। বাহরাইন ও তুর্কমেনিস্তান পেয়েছে ১ পয়েন্ট করে।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে ২১তম নারী এশিয়া কাপ আসর। ওই আসরে ১২ দলের মধ্যে অন্যতম বাংলাদেশ। অস্ট্রেলিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া আগেই টিকিট পেয়েছে। এবার বাছাইপর্ব খেলে ৮ গ্রুপ থেকে মূল পর্বে উঠবে ৮টি দল। সবার আগে মূল পর্বের টিকিট বাংলাদেশ।

আজ গুয়ামকে ৪-০ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে উঠেছে ভিয়েতনাম এবং হংকংকে ১-০ গোলে ‘জি’ গ্রুপ থেকে মূল পর্বের টিকিট পায় ফিলিপাইন।