ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা না-থাকা নিয়ে এ মুহূর্তে গুঞ্জন তুঙ্গে। ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সম্প্রতি ছুটি কাটিয়ে পর্তুগাল থেকে ম্যানচেস্টারে আসেন এই কৃতী ফরোয়ার্ড। তিনি কথা বলেন ম্যানইউর নতুন কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে। যদিও এ নিয়ে মীমাংসা হয়নি।

৩৭ বছর বয়সী সুপারস্টার চান তাকে ছেড়ে দিক ইংলিশ ক্লাবটি। ব্যক্তিগত কারণে তিনি ম্যানইউর প্রাক-মৌসুম ট্যুরে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যাননি। এ নিয়ে কোচ বলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা আমার ও রোনালদোর মধ্যে। আমি নিশ্চিত করছি, আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছিল।

২০০৯ সালে ৯৪ মিলিয়ন ইউরোয় (তখনকার বিশ্বরেকর্ড) ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। মাদ্রিদে অসংখ্য রেকর্ডে নিজের নাম লেখার পর ২০১৮ সালে যোগ দেন ইতালির পরাশক্তি জুভেন্টাসে। গত মৌসুমে আবার সাবেক ক্লাব ম্যানইউতে ফেরেন তিনি। যদিও লিগে ষষ্ঠ হওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না ম্যানইউর। এতেই রোনালদোর ওল্ড ট্র্যাফোর্ডে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা তিনি ক্যারিয়ারে কখনই যে ইউরোপা লিগে খেলেননি।

গত মৌসুমে ম্যানইউর সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো এবং প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। যদিও দলের সামগ্রিক ফল নিয়ে তিনি হতাশ হন। এখন ওল্ড ট্র্যাফোর্ডে থাকলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলতে হবে তাকে।

এদিকে, রোনালদো কোথায় যেতে পারেন, তা নিয়ে চলছে গুঞ্জন। কথা উঠেছিল বায়ার্ন মিউনিখ আর চেলসিকে নিয়ে। যদিও এ দুটি ক্লাব রোনালদোর প্রতি আগ্রহ না দেখিয়ে এ আলোচনা থেকে দূরেই থাকছে। টানা দশবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মনে করছে, তাদের লাইফস্টাইলের সঙ্গে মানানসই নন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়। এ নিয়ে মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জার্মানির সাবেক গোলকিপার অলিভার কান বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ক্রিস্টিয়ানো রোনালদো এ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু আলোচনার পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে তার বহু প্রশংসা করলেও আমাদের দর্শন আর বর্তমান অবস্থার সঙ্গে সে মানানসই হচ্ছে না।

বায়ার্ন আগ্রহ প্রকাশ না করায় ৩৭ বছর বয়সী ফুটবল মহাতারকার ভবিষ্যৎ গন্তব্য উন্মুক্তই থাকছে। উল্লেখ্য, তিনি বছরে ২৯ মিলিয়ন ইউরো বেতন পান। তার উচ্চ বেতনও অনেক ক্লাবের জন্য তাকে সই করানোর ক্ষেত্রে বড় বাধা। বিবিসি ও মার্কা