বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার বনানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের দাবির মুখে অবশেষে নাজমুল ইসলামকে সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। এখন থেকে ফাইন্যান্স কমিটির দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বিকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায় বিসিবি।
বুধবার আলটিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। সে অনুযায়ী দাবি পূরণ না হওয়ায় আজ মাঠে আসেননি ক্রিকেটার। ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচ। সূচিতে সন্ধ্যায় রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ।








