পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াই শেষে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে ভারত। আজ দ্বিতীয় ওয়ানডেতেই শিখর ধাওয়ানের দলের জন্য সিরিজ জিতে নেয়ার সুযোগ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাচটি শুরু।

এই সিরিজ থেকে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারত। শুভমান গিল, সাঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণদের সুযোগ দেয় দলটি।

শুক্রবার রাতের ম্যাচে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জিততে ১৫ রান প্রয়োজন ছিল, যদিও পেসার মোহাম্মদ সিরাজ স্বাগতিকদের জিততে দেননি। এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩০৮ রান তোলে ভারত। জবাবে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। বাংলাদেশের কাছে শেষ ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয়ে নিজেদের খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ।