স্টুটগার্টকে হারিয়ে জার্মান বুন্দেসলিগায় ৩৫তম শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার স্টুটগার্টকে ৪-২ গোলে হারায় বাভারিয়ানরা। এ নিয়ে গত ১৪ মৌসুমের মধ্যে ১৩ বার লিগ শিরোপা জিতল তারা। বুন্দেসলিগায় ৬৩ মৌসুমের মধ্যে রেকর্ড ৩৫ বার শিরোপা উৎসব করল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড।
এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। রাফায়েল গেরেরো, নিকোলাস জ্যাকসন, আলফনসো ডেভিস ও হ্যারি কেন বায়ার্নের হয়ে গোল করেন।
শনিবার রাতে হফেনহেইমের মাঠে হেরে যায় বায়ার্নের প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। ফলে এ ম্যাচে শিরোপা নিশ্চিত করতে এক পয়েন্টের প্রয়োজন ছিল বায়ার্নের। যদিও ভিনসেন্ট কম্পানির দল জিতে শিরোপা নিশ্চিত করেছে। চার ম্যাচ বাকি থাকতে ডর্টমুন্ডকে ১৫ পয়েন্টে পেছনে ফেলে শিরোপা জিতে নেয় বাভারিয়ানরা।
এ মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা জাগাল বায়ার্ন। জার্মান কাপের সেমিফাইনালে তারা খেলবে লেভারকুসেনের বিপক্ষে আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয় জার্মান জায়ান্টরা।









