বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। আজ বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই গৌরবের এ মাইলফলকে নাম লেখান তিনি। আজ প্রথম দিন সহজাত টেস্ট ব্যাটিংয়ে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। প্রথম দিন ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। তার সঙ্গে ৪৭ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস।

বৃহস্পতিবার সকালে মাত্র ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।

mushfiq's family

মুশফিক ১৮৭ বলে ৯৯, মুমিনুল হক সৌরভ ১২৮ বলে ৬৩, লিটন দাস ৮৬ বলে ৪৭, সাদমান ইসলাম ৩৫ ও মাহমুদুল হাসান জয় ৩৪ রান করেন। মুমিনুলের সঙ্গে ১০৭ ও লিটনের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন ৩৮ বছর বয়সী মুশফিক। বাংলাদেশের পতন হওয়া চারটি উইকেটই শিকার করেন আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।

দেশের হয়ে সর্বোচ্চ ১০০ টেস্ট খেলার কৃতিত্ব দেখালেন মুশফিক। মুমিনুল হক ৭৫ টেস্ট খেলে তার নিকটতম দূরত্বে। এছাড়া তাইজুল ইসলাম ৫৭ টেস্ট, মেহেদী হাসান মিরাজ ৫৬ টেস্ট ও লিটন দাস ৫২ টেস্ট খেলছেন।