ইয়াঙ্গুনে বুধবার মিয়ানমারকে হারানোর পর এশিয়া কাপের টিকিট ধরা দেয় প্রথমবারের মতো। এ সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ। অধিনায়ক হিসেবে কতটা ভালো লাগছে, এটা আমি বলে বুঝাতে পারব না। মিয়ানমারকে হারানোর টার্গেট ছিল, আমরা এটা করতে পেরেছি, অনেক ভালো লাগছে। সমর্থকরা আমাদের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাতে চাই।’

দলের কুশলী মিডফিল্ডার মারিয়া মান্দা বলেন, ‘সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। মিয়ানমার অনেক শক্তিশালী দল, এর আগেও তাদের কাছে আমাদের অনেকবার হারতে হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে গেছি। আমরা যতটুকু পারি, সেভাবে চেষ্টা করেছি। আমাদের পরিকল্পনা ছিল শতভাগ দেয়ার, সেভাবেই আমরা খেলতে পেরেছি। খুব ভালো লাগছে। এটা স্মরণীয় হয়ে থাকবে। যতবার খেলতে এসেছি হেরেছি, এই প্রথম আমরা মিয়ানমারকে হারালাম। খুব ভালো লাগছে। আসলেই এটা মনে রাখার মতো।’