তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এর আগে বাংলাদেশকে দুবার হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। সর্বশেষটি গত মে মাসে। বাংলাদেশের সামনে প্রথমবারের মতো পাকিস্তানকে ৩-০তে হারোনোর সুযোগ এসেছে। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

মিরপুরে প্রথম ম্যাচে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন ও দ্বিতীয় ম্যাচে জাকের আলী অনিক বাংলাদেশের জয়ের রূপকার। আজ উজ্জীবিত এ বাংলাদেশ দলকে কি থামাতে পারবে সালমান আগার পাকিস্তান?

আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে মোট দুবার ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৩ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ও গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ কীর্তি গড়ে টাইগাররা। এবার কি শিকার হতে যাচ্ছে পাকিস্তান?

সদ্যই শ্রীলংকার মাটিতে ২-১-এ সিরিজ জিতেছে লিটন দাসের দল।

আজ তৃতীয় ও শেষ ম্যাচে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।