দুপুরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল চট্টগ্রাম রয়্যালস। যদিও রাতের ম্যাচে সিলেট টাইটনসকে ৫ রানে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম।

রাজশাহীর জয়ের নায়ক পেস বোলার রিপন মন্ডল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে রাজশাহী। মুশফিকুর রহিম ৩০ বলে ৪০ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২১ বলে ৩৪ রান। নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে রিপন মন্ডলের তোপের মুখে ৯ উইকেটে ১৪২ রান তুলতে সমর্থ হয় সিলেট। ৩৪ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া ২০ রানে ২ উইকেট নেন বিনুরা ফার্নান্দো। পাশাপাশি দুটি ক্যাচও নেন রিপন।