২৬ বছর বয়সী এ ফরওয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ফরাসি ক্লাবটি। গণমাধ্যমের খবর, তাকে পেতে ৫ কোটি ইউরো খরচ হয়েছে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের। যদিও ট্রান্সফার ফি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোনো পক্ষ।
গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বদলি নেমে অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন তোরেস। ১-০ গোলের জয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উল্লাসে ভাসে স্প্যানিশরা।
ম্যানচেস্টার সিটি থেকে ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেন তোরেস। গত মৌসুমে কাতালান ক্লাবটির লা লিগা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লিগে ১৬টি গোল করেন। আর মৌসুমে সব মিলিয়ে ৪৯ ম্যাচ খেলে ২১টি গোল ও তিনটি অ্যাসিস্ট করেন।
পিএসজির বর্তমান কোচ লুইস এনরিকে এক সময়ে স্পেনের কোচ ছিলেন। ওই সময়েই জাতীয় দলে অভিষেক হয় তোরেসের। সেই থেকে জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন তিনি। এবারের গ্রীষ্মের দলবদলে এ নিয়ে দ্বিতীয় বড় মাপের আক্রমণভাগের ফুটবলার কিনল টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি।









