অ্যানরিচ নরকিয়ার আগুনঝরা বোলিংয়ে লর্ডস টেস্টের প্রথম দিনে বিপাকে পড়েছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দিনে ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তবে অন্য ব্যাটারদের পথ হারানো দিনে একা লড়াই করেছেন টপ অর্ডার ব্যাটার ওলি পোপ। দিন শেষে ব্যক্তিগত ৬১ রান অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে শূন্য রানে অপরাজিত রয়েছেন স্টুয়ার্ট ব্রড।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে নরকিয়া তিনটি ও কাগিসো রাবাদা দুইটি করে উইকেট নেন।একটি উইকেট নেন মার্কো জেনসেন।
তিন টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩২ ওভার। বাকিটা সময় ছিল বৃষ্টির দাপট। বেন স্টোকস (২০) ও ওলি পোপ (৬১) ছাড়া কোনো ব্যাটার দুই অংকের ঘরেও পৌঁছাতে পারেননি।










