ওয়ানডেতে মাঠের পারফরম্যান্স বাংলাদেশের যতটা ভালো, টি২০তে ঠিক ততটাই খারাপ। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ থেকে যেন এই সংস্করণে আরো বিবর্ণ বাংলাদেশ। এ মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে হারের ব্যর্থতায় নেতৃত্ব হারান মাহমুদউল্লাহ। তার জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেতৃত্ব পান নুরুল হাসান সোহান। কিন্তু নতুন অধিনায়কেও দেখা গেল পুরনো বাংলাদেশকে! হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ শনিবার প্রথম টি২০ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছে সোহানের দল।
ব্যাট-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন সিকান্দার রাজা। সম্প্রতি বাছাইপর্ব পেরিয়ে টি২০ বিশ্বকাপ মূল পর্বে জায়গা করে নেয়া জিম্বাবুয়ের সাফল্যের অন্যতম কাণ্ডারি এই সিকান্দার। গতকাল তার ব্যাটেই পিষ্ট হলো বাংলাদেশে। সিরিজের প্রথম ম্যাচে সিকান্দারের ঝড়ো হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রানের সৌধ গড়ে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়। এতে সোহানের নেতৃত্বের সূচনা ঘটল পরাজয়ে।
টস জিতে ব্যাটিং নেয়া জিম্বাবুয়ের বোর্ডে বিশাল সংগ্রহ এনে দেন মাদেভেরে ও সিকান্দার। তৃতীয় উইকেটে শন উইলিয়ামস ও মাদেভেরে ৩৭ বলে ৫৬ রান তুলে রানের গতি বাড়িয়ে দেন। এরপর চতুর্থ উইকেট জুটিতে জিম্বাবুয়ে ৪৩ বলে ৯১ রান তুলে নিলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাসকিন আহমেদ (০/৪২), নাসুম আহমেদ (০/৩৮), মুস্তাফিজুর রহমান (২/৫০) ও শরিফুল ইসলামের (০/৪৫) ওপর দিয়ে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সিকান্দার ও মাদেভেরে।
রোববার একই সময় একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, আর মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজ জয়ের সুযোগ টিকিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে:
২০ ওভারে ২০৫/৩
(মাদেভেরে ৬৭,
সিকান্দার ৬৫*, শন উইলিয়ামস ৩৩, ক্রেগ আরভিন ২১; মুস্তাফিজুর ২/৫০, মোসাদ্দেক হোসেন ১/২১)। বাংলাদেশ: ২০ ওভারে ১৮৮/৬ (নুরুল ৪২*, লিটন দাস ৩২, এনামুল হক ২৬, নাজমুল হোসেন ৩৭; লুক জঙ্গই ২/৩৪, ওয়েলিংটন মাসাকাদজা ১/২৩, সিকান্দার ১/৩০, রিচার্ড এনগারাভা ১/৪৩)। ফল: জিম্বাবুয়ে ১৭ রানে জয়ী। ম্যান অব দ্য
ম্যাচ: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)। সিরিজ: তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ১-০তে
এগিয়ে।










