নিজের ৩১তম ওয়ানডে ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ হাসান তামিম। এটা চলতি সিরিজে কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। সপ্তম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।
ওপেন করতে নেমে ১০৭ বলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১০৭ রানের রাজসিক ইনিংস খেলেন তানজিদ। এর আগে ওয়ানডেতে পাঁচটি ফিফটি করেছিলেন এ বামহাতি ব্যাটার, সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রানের। আজ পেলেন প্রথম সেঞ্চুরির দেখা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল (২টি), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নাসির হোসেন ও এনামুল হক। সর্বোচ্চ ১৩২ রানের ইনিংস খেলেছেন তামিম। এছাড়া ১১৬ রানের হার না মানা ইনিংসও আছে তামিমের। বাংলাদেশি ব্যাটারদের করা সবগুলো সেঞ্চুরিই এসেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।









