জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে গেলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে জরুরিভিত্তিতে পার্শ্ববর্তী কেপিজে হাসপাতালে রিং পরানো হয়। এখন তিনি ভালো আছেন। তিনি হাঁটছেন এবং কেবিনে দেখা করেছেন আত্মীয়স্বজনের সঙ্গে। তবে আগামী কয়েক দিন তামিমকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে এবং তাকে আপাতত কেপিজেতেই থাকার পরামর্শ দিয়েছেন তারা।
আজ মঙ্গলবার দুপুরে তামিমকে দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী। কেপিজে হাসপাতালে সংবাদ সম্মেলনে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়ে আবদুল ওয়াদুদ বলেন, ‘আজ সকালে তার ইকো কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়, কোনো সমস্যাই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ। আবারও এবনরমাল বিট হতে পারে। ঝুঁকিটা কিন্তু কম। এক শতাংশেরও কম। কিন্তু যদি হয়ে যায়, তাহলে ওই রোগীর জন্য তো শতভাগ ঝুঁকি। তামিম তো তামিম। আমাদের জাতীয় সম্পদ। ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার (কেপিজে হাসপাতালে) একটু থাকা উচিত। তারপর তিনি মুভ করতে পারবে।’
ঝুঁকির শঙ্কা অবশ্য অনেকটাই কমে গেছে বলে জানান আবদুল ওয়াদুদ। তবে তামিমের পরবর্তী চিকিৎসা কী হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের পরামর্শ তামিম যেন সাভারের কেপিজে হাসপাতালেই থেকে যান। আবদুল ওয়াদুদ বলন, ‘ক্ষীণ শঙ্কা আছে সে জন্য আমরা তাকে বলেছি, ৪৮-৭২ ঘণ্টা পর্যন্ত একটা জটিল সময়, যেন আর কোনো সমস্যা না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত। একটু বিশ্রামে থাকা উচিত। কোনো রকম উত্তেজিত হওয়া উচিত নয়। শুরুর সময়টা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপর তার পুনর্বাসনের জন্য ভালো কোনো জায়গায় যেতে চায়, যেতে পারবে।’








