বাংলাদেশের ক্রিকেটে গতকাল দিনভর চলে নাটকীয়তা। এতে গতকাল বিপিএলের দুটি ম্যাচ পণ্ড হয়েছে। ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের পাল্টাপাল্টি শর্তারোপে আরো বড় সংকটের আভাস দিয়ে দিন শেষ হচ্ছিল। অবশেষে বরফ গলেছে। দুই পক্ষ নমনীয় হওয়ায় আজ মাঠে গড়াচ্ছে বিপিএলের খেলা। মধ্যরাতে সংবাদ সম্মেলনে এ ‘শান্তিচুক্তি’র খবর জানান বিসিবির পরিচালক ইফতিখার মিঠু।

ক্রিকেটারদের আন্দোলনের মুখে গতকাল বিপিএলে ঢাকা পর্বের প্রথম দিন একটি ম্যাচও মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ ও সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যকার ম্যাচ দুটি বাতিল হয়ে যায়। গতকালের সেই দুটি ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। আজ ও আগামীকালের ম্যাচ একদিন করে পেছাবে।

সংকট তৈরি হয় বিসিবির পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে ঘিরে। ক্রিকেটারদের নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন তিনি। এতে ক্ষুব্ধ ক্রিকেটাররা বুধবার রাতে নাজমুল ইসলামের অব্যাহতি চেয়ে বিসিবিকে আলটিমেটাম দেন। ২৪ ঘণ্টার আলটিমেটামের পরও তাকে না সরানোয় গতকাল দুপুরের ম্যাচে মাঠে আসেননি ক্রিকেটাররা। ফলে নোয়াখালী-চট্টগ্রাম ম্যাচ পণ্ড হয়ে যায়।

দুপুরের পর বনানীর এক হোটেলে সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে সেখানেই মেলা বসে ক্রিকেটারদের। উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ জ্যেষ্ঠ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও অন্যরা। ক্রিকেটাররা সেখানে ঘোষণা দেন, নাজমুলকে অপসারণ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জন করা হবে।

বিপাকে পড়ে যান বিসিবির শীর্ষ কর্মকর্তারা। ক্রিকেটারদের অনড় অবস্থানের কাছে হার মেনে বিসিবির পরিচালনা পর্ষদ ভার্চুয়াল সভা করে নাজমুলকে অর্থ কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেয়। তবে ক্রিকেটাররা এতেই সন্তুষ্ট হলেন না। তারা দাবি করেন, নাজমুলকে যেন পরিচালকের পদ থেকেও সরানো হয়, নইলে দ্বিতীয় ম্যাচেও মাঠে যাবেন না। সেই অনুযায়ী তারা মাঠে যাননি সন্ধ্যার ম্যাচেও।

বিসিবিও পাল্টা হুমকি দিয়ে রাখে, সন্ধ্যার ম্যাচে ক্রিকেটাররা মাঠে না গেলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। ক্রিকেটারদের দাবি অনুসারে, নাজমুলকে পরিচালক পদ থেকে সরানো হয়নি। ফলে সন্ধ্যার ম্যাচেও মাঠে যাননি ক্রিকেটাররা। তখন বিসিবিও পূর্ব ঘোষণা অনুযায়ী বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়ে বসে। গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ কথা জানিয়ে দেন বিসিবির পরিচালক ইফতেখার মিঠু। পরে মধ্যরাতে সেই মিঠু আর কোয়াব সভাপতি মিঠুন একসঙ্গে খুশির খবর দেন। এ সময় পাশে ছিলেন মিরাজ।

বিসিবি বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয়ার পর ক্রিকেটাররা খানিকটা নমনীয় হয়ে জানান, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তাহলে তারা শুক্রবারের (আজ) ম্যাচ খেলবেন। ক্রিকেটাররা শর্ত দেন, যেহেতু নাজমুল ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন, তাই তাকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনোভাবে এজন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বক্তব্য দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল থাকতে হবে।

কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেটারদের জানান, এটি সম্ভব নয়। কারণ নাজমুল এরই মধ্যে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত মানুষ, প্রকাশ্যে তিনি ক্ষমা চাইতে পারবেন না।

এ সময় কোয়াব নেতারা বলেন, যেহেতু এ মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে খেলছে, একই সঙ্গে তারাও বিপিএল খেলতে চান। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা আজ থেকে মাঠে নামতে প্রস্তুত। তবে সেটি অবশ্যই শর্তসাপেক্ষে। পরে কোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সে সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সে প্রক্রিয়া চলতে থাকবে।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে বুধবার দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছিল বিসিবি। সেই অনুষ্ঠান শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল ইসলাম। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত। তাহলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেয়ার কথা ভাববে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

তার এ মন্তব্যের জেরে ক্ষুব্ধ হন ক্রিকেটাররা এবং তাকে ক্রিকেট বোর্ড থেকে অপসারণে আলটিমেটাম দেন। এ ইস্যুকে ঘিরেই গতকাল দিনভর উত্তাল ছিল দেশের ক্রিকেট।

মুস্তাফিজুর রহমানকে বিপিএল থেকে বাদ দেয়ার পর ভারতের মাঠে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ। তা নিয়ে বাংলাদেশ-ভারত টানাপড়েন চলছে। এরই মধ্যে এবার মুখোমুখি অবস্থানে চলে যায় বিসিবি ও ক্রিকেটাররা। যদিও সেই বিবাদের মীমাংসা হলো। আজ ফের মাঠে গড়াচ্ছে ক্রিকেট।