বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী ২৮ আগস্ট চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল নিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম রিজিওনাল টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫।

প্রতিযোগিতায় ১১টি দলকে পৃষ্ঠপোষকতা দেবে ৬টি প্রতিষ্ঠান। গ্রুপ ‘এ’র ৫টি দল: ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি, এবি ব্যাংক চাঁদপুর; গ্রুপ ‘বি’র ৬টি দল: কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া, ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, ক্লিফটন কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী, এশিয়ান বান্দরবান।

প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৩ লাখ ও ৬টি স্পন্সর প্রতিষ্ঠান ৩৭ লক্ষ টাকা দেবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলা দলসমূহকে দল প্রস্তুতি ও অনুশীলন খরচ, আবাসন, খাবার, খেলার পোশাক, দৈনিক ভাতা, যাতায়াত ভাতাসহ যাবতীয় সুবিধাদি প্রদান করা হবে।

আজ চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অল্প সময়ের সিদ্ধান্তে আমাদের ডাকে ইতিবাচক সাড়া দিয়ে এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার সদয় সম্মতি এবং সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবি ব্যাংক, এশিয়ান গ্রুপ, ক্লিফটন গ্রুপ, কন্টিনেন্টাল গ্রুপ, ফোর্টিস গ্রুপ এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজকে।

এ সময় জানানো হয়, প্রতিযোগিতার খেলাগুলো সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম (২৮ আগস্ট থেকে) এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (৩০ আগস্ট থেকে) অনুষ্ঠিত হবে। ১১টি দলকে ২টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ পর্বের ২৫টি, সেমিফাইনাল ২টি এবং ফাইনালসহ সর্বমোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন প্রতি ভেন্যুতে ২টি ম্যাচ হবে। সকাল ৯টায় প্রথম খেলা এবং দুপুর ১টা ৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচ শুরু হবে।

২৮ আগস্ট সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।