এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। ব্রিটেন প্রবাসী হামজা চৌধুরী খেলছেন বলে এ ম্যাচে জয়ের আশা নিয়ে নামবে বাংলাদেশ। অন্যদিকে, অবসর ভেঙে ভারতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী।
২০০৩ সালের ১৮ জানুয়ারি তখনকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে শিরোপাও ঘরে তুলেছিল লাল-সবুজরা। এরপর মাঝের ২২ বছর ভারতকে কোনো ধরণের টুর্নামেন্টেই হারাতে পারেনি বাংলাদেশ। আজ আশা জেগেছে লাল-সবুজ শিবিরে।
৩১ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশ অবশ্য মাত্র দুটি জিতেছে, হার ১৬টি এবং ১৩টি ম্যাচ ড্র হয়। যদিও দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ড্র করার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ছয়টি ড্র হয়, বাকি চার ম্যাচে হেরেছে বাংলাদেশ।
এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির খেলোয়াড় এবং বর্তমানে ধারে খেলেন শেফিল্ড ইউনাইটেডে।








