প্রথম ইনিংসে হাসান মাহমুদের ৬ উইকেট, এরপর তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি—ব্যাটে-বলে দুই দাপুটে পারফরম্যান্সে অস্ট্রেলিয়া সফরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই স্বপ্নই রূপ নিল ইতিহাসে। ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেশটির মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। পরাশক্তির বিপক্ষে এমন দাপুটে জয় দেশের ক্রিকেটে যোগ করেছে নতুন গৌরবের অধ্যায়। চারদিনেই ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্যের জানান দিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে তেমন কেউই বাংলাদেশের ধারালো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে তানজিদ হাসান তামিমের ১০১, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ গড়ে ৪২৬ রানের বড় সংগ্রহ। এতে ২২৮ রানের লিড পায় সফরকারীরা।

AP26228214024952

ব্যাট হাতে দারুণ ইনিংস খেলার পর বল হাতেও ঝলক দেখান মিরাজ। তার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ আবারও বিপর্যস্ত হয়। শুধু ক্যামেরন গ্রিন ১০৪ রানের ইনিংসে প্রতিরোধ গড়তে পেরেছেন। শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়ে ৫৬ রানের লিডেই থামে অস্ট্রেলিয়া। মিরাজ তুলে নেন ৫ উইকেট।

এ ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে এক হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন তিনি।

জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ এবার ফিরেছেন ডাক মেরে। তবে তাতে বাংলাদেশের জয় থামেনি। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ হতে দেননি। সাদমান ২৫ ও মুমিনুল ৩০ রানে অপরাজিত থেকে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন।

জয় নিশ্চিত হতেই ডারউইনের গ্যালারি মুখর হয়ে ওঠে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের উচ্ছ্বাস, হাততালি আর গর্জনে কিছু সময়ের জন্য ডারউইন যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

ড্রেসিংরুমের সামনে তখন আবেগে ভাসছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। একে অন্যকে জড়িয়ে ধরে উদ্‌যাপন করছিলেন ঐতিহাসিক সেই মুহূর্ত। আর ড্রেসিংরুম থেকে প্রেসবক্স—অস্ট্রেলিয়ান শিবিরে তখন নেমে এসেছে নীরবতা। চারদিনেই পরাশক্তিকে হারিয়ে বাংলাদেশ লিখেছে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটের নতুন ইতিহাস।