ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর শুরু হয়েছে শনিবার। উদ্বোধনী ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ রোববার দ্বিতীয় দিন মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই পাঁচবারের ও কলকাতা একবারের সাবেক চ্যাম্পিয়ন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শনিবার বেঙ্গালুরুতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০১ রান তোলে সানরাইজার্স। ইশান কিশান ৩৮ বলে ৮০, অঙ্কিত ভার্মা ১৮ বলে ৪৩ ও হেনরিক ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন। ঝড়ের মধ্যে দুর্দান্ত বোলিং করে ২২ রানে ৩ উইকেট নেন কিউই পেসার জ্যাকব ডাফি। ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ড ৩ উইকেট নেন ৫৪ রানের বিনিময়ে।

জবাব দিতে নেমে বিরাট কোহলি (৩৮ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৯*) ও দেবদূত পাড়িক্কালের (২৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬১) ব্যাটে ভর করে ২৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। ৪৫ বলে ১০১ রানের জুটি গড়েন এ দুজন। অধিনায়ক রজত পাতিদার শেষ দিকে ১২ বলে ৩১ ও টিম ডেভিড ১০ বলে ১৬ রান করেন। ম্যাচসেরা হয়েছেন জ্যাকব ডাফি।

গতবার ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রান হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপার স্বাদ পায় বেঙ্গালুরু।