ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার ২০০ মিটারে মুকুট ধরে রাখেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। এ পথে তিনি মাইকেল জনসনের ২৬ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দেন। এদিন ‘আমেরিকান ক্লিন সুইপ’ করেন লাইল ও তার সতীর্থরা। কেনি বেদনারেক রৌপ্য আর এরিয়ন নাইটন ব্রোঞ্জ জয় করলে যুক্তরাষ্ট্র পায় স্মরণীয় এক রাতের দেখা। উল্লেখ্য, চলতি আসরে এর আগে পুরুষ ও নারী ১০০ মিটার স্প্রিন্টেও ক্লিন সুইপ হয়েছে। পুরুষদের ইভেন্টে ইতিহাসে তৃতীয়বারের মতো আমেরিকান ক্লিন সুইপ আর নারী ইভেন্টে প্রথমবারের মতো ক্লিন সুইপের ইতিহাস গড়েন জ্যামাইকানরা। এবার ২০০ মিটারেও ক্লিন সুইপ দেখল ইউজেনি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

এটা ছিল মূলত লাইলস আর ১৮ বছর বয়সী সেনসেশন নাইটনের ডুয়েল। যদিও অনবদ্য এক দৌড়ে বাঁক অতিক্রম করার পর জয়লাভ করেন লাইলসই। তিনি সময় নেন ১৯.৩১ সেকেন্ড। ১ সেকেন্ডের ১ শতাংশ কম সময় নিয়ে তিনি জনসনকে পেছনে ফেলেছেন। ১৯৯৬ সালের আটালান্টা অলিম্পিকে ১৯.৩২ সেকেন্ড সময় নিয়ে ইতিহাস গড়েন আমেরিকান কিংবদন্তি জনসন। এবার তার টাইমিংটা পেছনে ফেললেন লাইলস। যদিও এটা ইতিহাসের তৃতীয় দ্রুততম টাইমিং। তার চেয়ে সেরা টাইমিং করেছেন জ্যামাইকান গ্রেট উসাইন বোল্ট (১৯.১৯ ও ১৯.২৬) এবং ইয়োহান ব্লেক (১৯.৩০)।

বেদনারেক ১৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও নাইটন ১৯.৮০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

১৯৯১ সালের টোকিও ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের কার্ল লুইস, লেরয় বারেল ও ডেনিস মিচেল যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ জিতে আমেরিকান ক্লিন সুইপ করেছিলেন। ওই আসরেই মাইকেল জনসন ২০০ মিটারে জাতীয় রেকর্ড গড়েছিলেন। এবার ইউজেনিতে ২০০ মিটারে ক্লিন সুইপ করলেন কার্ল সুইস ও জনসনের স্বদেশীরা।

লাইলসের পিতা কেভিন লাইলস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার রিলেতে স্বর্ণজয়ী। এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, আমার বাবা মাইকেল জনসনের যুগে তাদেরই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমি আমেরিকান ক্লিন সুইপের কথা তাই মনে করতে পারি। তখন আমাদের জ্যামাইকান আধিপত্য দেখতে হতো। আমি নিজেকে বলতাম: আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করব তখন নিশ্চিতভাবেই আমেরিকান আধিপত্য প্রতিষ্ঠা হবে।

ওরেগনের ইউজেনিতে ১৫ জুলাই শুরু হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ, যা শেষ হবে আজ। এবারের আসরে ১৯২টি দেশের মোট ১ হাজার ৯৭২ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করেন।