আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ টি২০ আসর। পরদিন ২৮ আগস্ট দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তাপ ছড়ানো ম্যাচ। বাংলাদেশের মিশন শুরু ৩০ আগস্ট শারজায়। এদিন টাইগাররা খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

 

টি২০ বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ টি২০ ফরম্যাটে হচ্ছে। আজ মঙ্গলবার এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। ভারত, পাকিস্তান ও বাছাইপর্বে বিজয়ী দল নিয়ে করা হয়েছে ‘এ’ গ্রুপ। শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে দুবাইয়ে।

 

সবগুলো ম্যাচ শুরু হবে আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। দুবাইয়ে দশটি ও শারজায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

দুই গ্রুপ থেকে দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোরের খেলা, যেখানে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপের।

 

এ বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল শ্রীলংকার। যদিও দ্বীপদেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে এই আসরটি আয়োজনে অপরাগতা জানায়। তাদের হয়ে আসরটি আয়োজন করবে আরব আমিরাত। আয়োজকের মর্যাদা থাকবে শ্রীলংকারই।