সারা বিশ্ব থেকে র্যাংকিংয়ের ভিত্তিতে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দৌড় প্রতিযোগিতায় সুযোগ পাওয়া রানারদের মধ্য থেকে হিট ও সেমিফাইনাল শেষে ফাইনালে লড়াই করেন মাত্র ৮ জন। এই ৮ জনের মধ্যে এক দেশেরই তিনজন থাকাটা বিস্ময়েরই। আজ বৃহস্পতিবার জাপানের টোকিওতে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের ৪০০ মিটার দৌড়ের ফাইনালে তেমনই দারুণ এক দৃশ্যের অবতারণা ঘটল। পরিশেষে চ্যাম্পিয়নও হয়েছেন বতসোয়ানার ২১ বছর বয়সী বুসাং কলেন কেবিনাথশিপি।
ইতিহাস গড়া কেবিনাথশিপি ৪৩.৫৩ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনিই বতসোয়ানার প্রথম পুরুষ অ্যাথলেট হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন। জাতীয় রেকর্ড গড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন, গড়েছেন সর্বকালের দশম সেরা টাইমিং। তিনি বর্তমান অলিম্পিক রৌপ্যজয়ী, আফ্রিকান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের রিলেজয়ী ও অল-আফ্রিকান গেমসের রৌপ্যজয়ী। এবার পেলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মুকুট।

সিডনি ম্যাকলফলিন-লেভরন
২০১৭ সালের লন্ডন গেমসের রৌপ্যজয়ী ত্রিনিদাদ ও টোবাগোর জেরিম রিচার্ডস ৪৩.৭২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও বতসোয়ানার বেয়াপো এনদোরি ৪৪.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
ছেলেদের ইভেন্টের পরপরই মেয়েদের ৪০০ মিটারের ফাইনাল অনুষ্ঠিত হয়। ৪৭.৭৮ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ইভেন্টে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলফলিন-লেভরন, যিনি চার বছর আগে একই ট্র্যাকে হার্ডলসে স্বর্ণ জয় করার কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনি হারান বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ডমিনিকার মেরিলেইডি পলিনো (৪৭.৯৮) ও ২০১৯ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাহরাইনের সালওয়া এইদ নাসেরকে (৪৮.১৯ সেকেন্ড)।









