কিছুটা অস্বস্তি নিয়ে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে বড় টার্গেট দিতে সমর্থ হয়। কলম্বোয় আজ বুধবার ‘বি’ গ্রুপ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান তুলতে সমর্থ হয়। এই রানই জয়ের জন্য যথেষ্ট ছিল। জবাব দিতে নেমে আইরিশরা ১৬.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে গেছে।

বিগ হিটার ট্রাভিস হেড শুরুতেই রানআউট হয়ে যান। এরপর ক্যামেরন গ্রিন ও জস ইংলিস টানেন অস্ট্রেলিয়াকে। তাদের দৃঢ়তায় পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৬৪ রান তুলে নেয় অজিরা। গ্রিন (১১ বলে ২১) ও ইংলিস (১৭ বলে ৩৭) কাছাকাছি সময় আউট হয়ে যান (৬৯/৩)। টি-টোয়েন্টি ক্রিকেটের সুপারস্টার গ্লেন ম্যাক্সওয়েলও (৯ বলে ৯) সুবিধা করতে পারেননি মোটেও।

দলীয় ৮৮ রানে চতুর্থ উইকেট পতনের পর ম্যাট রেনশ ও মার্কাস্ট স্টয়নিস ৪৪ বলে ৬১ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে সংহত অবস্থান গড়ে দেন। রেনশ ৩৩ বলে ৩৭ ও স্টয়নিস ২৯ বলে ৪৫ রান করেন। শেষ পর্যন্ত অজিরা ১৮০ পেরিয়ে যায়। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ৪৪ রানে ২ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে নাথান এলিসের পেস আর অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে এলোমেলো আয়ারল্যান্ড। উভয়ই চারটি করে উইকেট নেন। জর্জ ডকরেল সর্বোচ্চ ৪১ রান করেন।