দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে নাম লেখাল ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ হাই স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ২৪৬ রান তুলতে সমর্থ হয়।

দলীয় ২০ রানে অভিষেক শর্মার বিদায়ের পর ভারত আরো আগ্রাসী হয়ে ওঠে। আগের ম্যাচের নায়ক সাঞ্জু স্যামসন আর ইশান কিশান ঝড়ো ব্যাটিংয়ে ৮.৩ ওভারেই ভারতকে এক দেন একশ রান। কিশান ৩৯ রান করে আউট হওয়ার পরও থামেনি ঝড়। ১৩ ওভারশেষে ভারত তুলে নেয় ২ উইকেটে ১৬০ রান। রানের চাকা সচল থাকে শেষ পর্যন্ত। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকরা ২৫৩ রান তোলে। স্যামসন ৪২ বলে ৮৯, শিবাম ২৫ বলে ৪৩ ও ইশান কিশান ১৮ বলে ৩৯ রান করেন।

বিশাল রান তাড়া করতে নেমে জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে (৪৮ বলে ১০৫) ইংলিশরা দুর্দান্ত লড়াই করে। শেষ পর্যন্ত দলটি ৭ উইকেটে ২৪৬ রান তুলতে সমর্থ হয়। ৭ রানের জয়ে ভারত উঠে যায় ফাইনালে। রোববার শিরোপার ম্যাচে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারের লজ্জায় দেয় ইংল্যান্ড। পরের আসরে সেই হারের প্রতিশোধ নেয় ভারত। গায়ানার জর্জটাউনে ২০২৪ আসরের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় তারা। এবারও জিতল ভারত।

বুধবার দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের ছুড়ে দেয়া ১৬৯ রানের টার্গেট ১৩ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে কিউইরা! ৩৩ বলে ১০ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০০ রান করে এইডেন মার্করামদের যন্ত্রণা দিয়েছেন অ্যালেন। এছাড়া ৩৩ বলে ৫৮ রান করেন টিম সেইফার্ট।

অ্যালেনের সেঞ্চুরি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই দ্রুততম। ২০১৬ সালের বিশ্বকাপে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। সেই রেকর্ডটা ১৪ বলে পরাজিত করেছেন অ্যালেন।