সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পর গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয় ক্রিকেটার তামিম ইকবালকে। সেখানেই কাল তার হার্টে সফলভাবে রিং পরানো হয়। এরপর থেকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই আজ কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাকে।
পরিবারের সিদ্ধান্তেই তাকে এভারকেয়ারে আনা হচ্ছে। আজ মঙ্গলবার ইফতারের পরই অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তামিম। তার হাসপাতাল বদলের খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন। তিনি বলেন, ‘পারিবারিক সিদ্ধান্তেই তাকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানেও তিনি পর্যবেক্ষণেই থাকবেন।’
বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্টে সাভার থেকে তামিম ইকবালকে আনা হচ্ছে এভারকেয়ারে। সড়কপথে এই বহরকে সারাপথ বিশেষ প্রোটকল দেয়া হচ্ছে। প্রতিটা মোড় বহর পার হওয়ার আগে ফাকা রাখা হচ্ছে। বহরের সাথে সতর্কতা হিসেবে সর্বাধুনিক চিকিৎসা সাপোর্ট আছে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করার জন্য আছে ব্যবস্থা।
সোমবার বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। সেখান থেকে তাকে বিকেএসপির অদূরের কেপিজে হাসপাতালে নেয়া হয়। এনজিওগ্রামের পর তামিমের মূল আর্টারিতে শতভাগ ব্লক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক রিং পরানো হয়।








