বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রোববার (১১ জানুয়ারি) তাওহীদ হৃদয় ও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ১৭৯ রানের টার্গেট দিয়েও জিততে পারেনি রংপুর রাইডার্স। মুহাম্মাদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৫ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী।
৪২ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ওয়াসিম ৫৯ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। দলীয় ১৩ রানে তানজিদ হাসান আউট হয়ে যাওয়ার পর ৮২ বলে ১৪২ রানের জুটি গড়ে রংপুরকে ম্যাচ থেকে ছিটকে দেন ওয়াসিম ও শান্ত। শান্ত আউট হয়ে গেলে ১১ বলে ১৪ রানের জুটিতে রাজশাহীর জয় নিশ্চিত করেন ওয়াসিম ও রায়ান বার্ল।
এর আগে ৭২ রানে তৃতীয় উইকেট পতনের পর খুশদিল শাহকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫১ বলে ১০৫ রান যোগ করে রংপুরকে লড়াকু সংগ্রহ এনে দেন হৃদয় ও খুশদিল শাহ। ৫৬ বলে ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৯৭ রান করেন হৃদয়। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরির সুযোগ থাকলেও তিনি কোনো রানই নিতে পারেননি। এছাড়া খুশদিল শাহ ২৯ বলে ৪৪ রান করেন।
কাইল মায়ার্স (৮), লিটন দাস (১১) ও ইফতিখার আহমেদ (৮) ব্যর্থ হওয়ার পরও রংপুর বড় সংগ্রহ গড়তে পেরেছে হৃদয় ও খুশদিলের বীরত্বে। শেষ তিন ওভার থেকে রংপুর তুলেছে ৫০ রান। হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুরকে।
এ জয়ের পর ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম রয়্যালসকে ছুঁয়ে ফেলল রাজশাহী। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে সিলেট টাইটানস।
আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে টেবিলের তলানির দুই দল ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার রংপুরকে হারিয়ে দেয় নোয়াখালী, যা চলতি আসরে নবাগত এ দলটির প্রথম জয়।
সোমবার দুপুরের ম্যাচে রংপুর খেলবে সিলেটের বিপক্ষে, সন্ধ্যায় ঢাকার প্রতিপক্ষ রাজশাহী।








