নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক প্যানেল আজ শনিবার দুপুরে দল ঘোষণা করে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দলে কোনো পরিবর্তন না এনে সেটিকেই নিউজিল্যান্ড সিরিজের জন্য রেখে দিয়েছেন নির্বাচকরা।

আগের সিরিজের দল থেকে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে, গত সিরিজটায় আমরা সফল হয়েছিলাম। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু ক্রিকেটার হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু ক্রিকেটার নতুন এসেছে। আমাদের পলিসি হচ্ছে, যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে দলে বদল আনিনি।’

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ জেতায় ১৫ সদস্যের দলটিতে কোনো অপরিবর্তিত আনতে চাননি নির্বাচকরা। ওই দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে রয়েছেন। বোর্ডের কাছ থেকে ১২ এপ্রিল পর্যন্ত তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেয়া আছে। সেই মোতাবেক, কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তারা দলের সঙ্গে যোগ দেবেন।

নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে।

২৭ ও ২৯ এপ্রিল প্রথম চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

প্রথম দুই ওয়ানডের দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।