কিছুদিন আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ঘোষণা দিয়েছিল আগামী বছর থেকে একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ ক্রিকেট লিগ নিয়ে আসছে তারা। কিন্তু তখন লিগের নাম এবং শুরু হওয়ার চূড়ান্ত তারিখ জানাতে পারেনি সিএসএ। সম্প্রতি লিগের নাম ‘এসএটি২০’
রেখে প্রথম আসর শুরুর তারিখ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে এ প্রতিযোগিতার খেলা মাঠে গড়াবে।
সিএসএর পরিচালক ও লিগ কমিশনার গ্রায়েম স্মিথ বলেছেন, প্রত্যেক দল প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন করে বিদেশী ক্রিকেটার একাদশে খেলাতে পারবে। তিনি জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি শুরু হবে এসএটি২০-এর প্রথম আসর। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়েই শুরু করছেন তারা। দেশটির ছয়টি শহরের নামে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম রাখা হচ্ছে। শহরগুলো হলো জোহানেসবার্গ, কেপটাউন, পোর্ট এলিজাবেথ, প্রিটোরিয়া, পার্ল ও ডারবান। এরই মধ্যে সবগুলো দলই কিনে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকরা। দলগুলোর মালিকদের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর খেলোয়াড় নিলাম হবে।










