দুবাইয়ে আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে ১৭তম এশিয়া কাপ আসরের। ফাইনালের আগ পর্যন্ত মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুবাই ও আবুধাবিতে। এ ১৮টি ম্যাচের সবগুলোতেই ফল হয়েছে। সুপার ফোরের শেষ ম্যাচটি ‘টাই’ হয়েছে এবং ওই ম্যাচেই চলতি আসরে প্রথমবারের মতো স্কোর দুশ পেরিয়েছে।

শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলংকা। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। অভিষেক শর্মা করেন ৩১ বলে ৬১ রান। পরে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভর করে জয়ের সম্ভাবনা জাগায় শ্রীলংকা। যদিও শেষ পর্যন্ত সিংহলিজরা ৫ উইকেটে ২০২ রান করলে ম্যাচটি ‘টাই’ হয়ে যায়। সুপার ওভারে হেরে যায় শ্রীলংকা। ভারত-শ্রীলংকা ম্যাচের আগে চলতি আসরে দুশর ওপরে কোনো স্কোর ছিল না এবং ওই ম্যাচেই এসেছে দুটি।

দেড়শোর্ধ্ব স্কোর হয়েছে ১৬টি, ১৪০-এর বেশি স্কোর হয়েছে ছয়টি এবং একশ থেকে ১৩৯ পর্যন্ত দশটি স্কোর হয়েছে এবারের আসরে। একশর নিচে স্কোর ছিল চারটি। ভারতের বিপক্ষে ৫৭ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। সেই রান তাড়া করে ৪.৩ ওভারে ৯ উইকেটের জয় তুলে নেয় ভারত। এ দুটির বাইরে পাকিস্তানের বিপক্ষে ১৬১ রান তাড়া করতে নেমে ওমান ৬৭ রান তুলতে সমর্থ হয়। আফগানিস্তানের ১৮৮ রানের জবাবে হংকং ৯ উইকেটে ৯৪ রান তুলে ৯৪ রানে হেরেছে।

এবারের আসরে ভারতের অভিষেক শর্মার সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া প্রায় নিশ্চিত। তিনি ৬ ম্যাচে করেছেন ৩০৯ রান। ২৬১ রান করা পাথুম নিশাঙ্কার দলের বিদায় ঘটেছে। বাংলাদেশের সাইফ হাসান ১৭৮ ও পাকিস্তানের শাহিবজাদা ফারহান ১৬০ রান করে চারে অবস্থান করছেন। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি করেছেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা (৫৮ বলে ১০৭)। উইকেট শিকারেও শীর্ষে এক ভারতীয়। স্পিনার কুলদীপ যাদব ৬ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট। এছাড়া আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৯টি করে উইকেট নেন।