গতকাল সকালের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ইউরোপের দেশটি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে সুইসরা।

ব্রিল এম্বোলো ও ড্যান এনডোয়ের গোলে আলজেরিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড। গতকাল সকালের এ ম্যাচে জয় তুলে নেয়া সুইজারল্যান্ড মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে শেষ ষোলোর ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ী। আজ সকালে কানসাস সিটিতে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা।

১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি সুইজারল্যান্ড। ১৯৩৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রচলন শুরু হয়নি। তখন সরাসরি শেষ ষোলোর ম্যাচে তারা জার্মানিকে হারিয়েছিল ৪-২ গোলে। ১৯৫৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ার কাছে তারা হেরে যায় ৫-৭ গোলে। চুয়ান্নর পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব দেখাল দলটি।

এর আগের টানা তিনটি বিশ্বকাপেই সুইজারল্যান্ড শেষ ষোলোয় উঠেছিল। তখন প্রতিযোগিতায় দল ছিল ৩২টি, আর তারা প্রতিবারই শেষ ষোলো পেরোতে ব্যর্থ হয়।

অন্যদিকে, ২০১৪ সালের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার অভিযান শেষ হয়ে গেল। ২০১৪ সালে তারা নকআউট পর্বে উঠলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল।

গতকাল ভ্যাঙ্কুভারে ম্যাচের প্রথম ১০ মিনিটে আধিপত্য ছিল আলজেরিয়ার। কিন্তু এর পরই ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে ক্রস করেন জোহান মানজাম্বি। সেই বল সহজেই জালে ঠেলে দেন ফরাসি লিগের দল রেনেতে খেলা এম্বোলো। আন্তর্জাতিক ফুটবলে এটা তার ২৬তম গোল।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ১ মিনিটও পার হয়নি, তখনই ব্যবধান দ্বিগুণ করেন নটিংহ্যাম ফরেস্টের উইঙ্গার এনডোয়ে। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ডাইভ দেয়া আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের নাগালের বাইরে চলে যায়। ৮১তম মিনিটে সুইজারল্যান্ড প্রায় তৃতীয় গোল পেয়ে যাচ্ছিল। তবে ফাবিয়ান রেইডার খুব কাছ থেকে ট্যাপ-ইন করতে ব্যর্থ হলে সেই সুযোগ নষ্ট হয়।

গত শনিবার কানসাস সিটিতে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে নিজেদের গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে উঠেছিল আলজেরিয়া। ওই ড্রর ফলে অস্ট্রিয়াও শেষ ষোলো নিশ্চিত করে, আর বিদায় নেয় ইরান। সেই ম্যাচে আলজেরিয়ার ৩৫ বছর বয়সী অধিনায়ক রিয়াদ মাহরেজ জোড়া গোল করেছিলেন। গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে লক্ষ্যভেদ করা হয়নি মাহরেজের। এ ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ম্যানচেস্টার সিটির সাবেক এ তারকা।

শেষ ষোলোর আগে খুব কম সময় পাচ্ছে সুইসরা। তবে তাদের সুবিধা করে দিতে পারে ভ্যাঙ্কুভার। আলজেরিয়াকে হারানো মাঠেই তারা শেষ ষোলোর ম্যাচ খেলবে। ফলে নিজেদের চেনা মাঠে যেমন সুবিধা পাবেন খেলোয়াড়রা, তেমনি দর্শক সমর্থনও বেশি থাকবে তাদের।

সুইজারল্যান্ডের দুটি গোলেই অ্যাসিস্ট করেন ২০ বছর বয়সী জোহান মানজাম্বি। তিনি এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ডের সবচেয়ে আলোচিত উদীয়মান তারকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার গোল তিনটি, সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট। বয়স মাত্র ২০ বছর ২৬১ দিন। ‘অপ্টা’র রেকর্ড বলছে, সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের পাঁচ গোলে অবদান রাখলেন মানজাম্বি। আসর শেষে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটি তার হাতেও উঠতে পারে। বিশ্বকাপের শুরুতে বদলি হিসেবে খেললেও শেষ দুই ম্যাচে তিনি প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন।

৩৩ বছর বয়সী গ্রানিত শাকা এদিন খেলেছেন সুইজল্যান্ডের হয়ে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ। দলটিতে রয়েছে গ্রানিতের মতো বিশাল অভিজ্ঞ খেলোয়াড়, তেমনি মানজাম্বির মতো অমিত সম্ভাবনাময় তরুণ। এ দুইয়ের মিশেলেই এবার বড় স্বপ্ন দেখছে আল্পসের পাদদেশের দলটি।

আলজেরিয়ার প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সুইজারল্যান্ডের দায়িত্বে ছিলেন। তার অধীনেই ২০১৮ বিশ্বকাপে সুইসরা গ্রুপ পর্ব পেরিয়েছিল। এছাড়া ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তার কোচিংয়ে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তবে এবার আলজেরিয়ার কোচ হয়ে হারাতে পারেননি সুইসদের।