ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ঢাকা ক্যাপিটালসকে ১৮২ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। মালান ৪৯ বলে ৭৮ ও তাওহীদ ৪৬ বলে ৬২ রান করেন। জবাব দিতে নেমে ঢাকা ৭ উইকেটে ১৭০ রান তুলতে সমর্থ হয়। ১১ রানের এই হারে বিদায় ঘটেছে মোহাম্মদ মিঠুনদের। তাদের একটি ম্যাচ এখনো বাকি।
এর আগে ওপেনিং জুটিতে মালান ও তাওহীদ ১৪.১ ওভারে তুলে দেন ১২৬ রান। ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান ইংলিশ ব্যাটার মালান। দলের রান দেড়শ পেরোনোর পর মারুফ মৃধার শিকার হয়ে ফেরেন তাওহীদ। তিনি চলতি বিপিএলে নিজের তৃতীয় ফিফটি করার পথে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কা মারেন। এরপর কাইল মায়ার্সের ব্যাটে (১৬ বলে ২৪ রান) ১৮১ রানের বড় পুঁজি পায় রংপুর।
ঢাকার মোহাম্মদ সাইফউদ্দিন ৩৩ রানে ২টি উইকেট নেন।
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রংপুর, ঢাকা সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে। ঢাকা ও নোয়াখালী বিদায় নিয়েছে। প্লে-অফ খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স।








