টোকিওতে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব অর্জনের পাঁচদিন পর আজ শুক্রবার ২০০ মিটারেও চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। এছাড়া ছেলেদের ২০০ মিটারে শ্রেষ্ঠত্ব দেখান একই দেশের নোয়াহ লাইলস।

২১.৬৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন জেফারসন-উডেন। ব্রিটেনের এমি হান্ট ২২.১৪ সেকেন্ড টাইমিং করে রৌপ্য ও বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকার শেরিকা জ্যাকসন ২২.১৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। শেষ দিকে দুর্বল হয়ে পড়া শেরিকা রৌপ্য হাতাছাড়া করেন। বাঁক ঘোরার পরপর অল্প ব্যবধানে এগিয়ে ছিলেন জেফারসন-উডেন। এরপরই তিনি ঝড় তুলে সবাইকে ছাড়িয়ে যান। তার টাইমিং সর্বকালের তালিকায় অষ্টম দ্রুততম। তিনি মারলিন ওটির চেয়ে এক ধাপ পেছনে আর অ্যালিসন ফিলিক্সের চেয়ে এক ধাপ উপরে।

AP25262488715522 (1)

ছেলেদের ২০০ মিটারে টানা চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলেন লাইলস। আজ তিনি ১৯.৫২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। ত্রিমুখী চ্যালেঞ্জে তিনি উতরে যান। স্বদেশী কেনেথ বেদনারেক ছাড়াও প্যারিস অলিম্পিক চ্যাম্পিয়ন লেতসিলে তেবোগো ও জ্যামাইকার ব্রায়ান লেভেলকে হারাতে হয়েছে তাকে। বেদনারেক ১৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও লেভেল ১৯.৬৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। তেবোগো ১৯.৬৫ সেকেন্ড টাইমিং করে লেভেলের পরেই ছিলেন।

এই প্রথম ছেলেদের ২০০ মিটারে তিন কিংবা চারজন ১৯.৭০ সেকেন্ডর নিচে এবং প্রথমবারের মতো পাঁচজন ১৯.৮০ সেকেন্ডের নিচে টাইমিং করেছেন।

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতলেন নেদারল্যান্ডসের ফেমকে বোল। তিনি সময় নেন ৫১.৫৪ সেকেন্ড। এটা তার ক্যারিয়ারের চতুর্থ দ্রুততম টাইমিং ও বড় আসরে দ্রুততম। যুক্তরাষ্ট্রের জেসমিন জোনস (৫২.০৮) ও স্লোভাকিয়ার এমা জাপলেতোভাকে (৫৩.০০) হারান ডাচ অ্যাথলেট ফেমকে বোল।