ঢাকার হাতিরঝিলে আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে ‘রানরাইজ নেশন ফিফটিন কে’ রান অনুষ্ঠিত হয়েছে। হাতিলঝিল এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে আবার এম্ফিথিয়েটারে গিয়ে শেষ হয় এই রান। এতে সারা দেশ থেকে দুই হাজারেরও বেশি রানার অংশ নিয়েছেন।
যারা শর্ট ম্যারাথনে অংশ নিতে আগ্রহী, ফিটনেস সচেতন আর পেশাদার অ্যাথলেট তাদের এক ছাতার নিচে নিয়ে এসেছে ‘রানরাইজ নেশন ফিফটিন কে’ আয়োজিত রান উৎসব। স্বাস্থ্য সুরক্ষা আর বিনোদনের দারুণ এক উপলক্ষ্য এনে দিয়েছে এই রান।
রানাররা দুটি ক্যাটাগরিতে অংশ নেন—১৫ কিলোমিটার ও সাড়ে ৭ কিলোমিটার। প্রাণশক্তি, আবেগ ও ঐক্যবদ্ধ থাকার চেতনা নিয়েই মূলত এ রান। স্টার্টিং লাইন থেকে ফিনিশিং লাইন পর্যন্ত এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় হাতিরঝিলজুড়ে। অ্যাথলিটদের মধ্যে ছিল সীমাহীন উদ্দীপনা।
অংশগ্রহণকারীরা ভূয়সী করেন আয়োজন, ভলান্টিয়ার ও পৃষ্ঠপোষক কোম্পানিকে, যাদের সহযোগিতায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে রানটি অনুষ্ঠিত হয়েছে। গোছালো ব্যবস্থাপনা, হাইড্রেশন পয়েন্ট, চমৎকার নিরাপত্তা ব্যবস্থা, উচ্ছল দর্শক মন কেড়েছে রানারদের। তারা একে বছরের সেরা রান হিসেবে অভিহিত করেন।









