চলমান দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ বৃহস্পতিবার কলকাতায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে সুপার এইটের প্রস্তুতি সারল ক্যারিবীয়রা।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ৫ রানে প্রথম ও ৩১ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে টানেন অধিনায়ক শাই হোপ আর রোস্টন চেজ। হোপ ৪৬ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৫ আর চেজ ২৫ বলে ২৪ রান করেন। এছাড়া শেরফান রাদারফোর্ড ১৫ বলে ২৪ ও করেন। বেন মানেন্তি ও ক্রিশান কালুগামাগে দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ১২৩ রান তুলে অলআউট হয়ে গেছে ইতালি। শামার জোসেফ ৩০ রানে ৪টি, ম্যাথিউ ফোর্ড ১৯ রানে তিনটি ও গুড়াকেশ মোতি ২৪ রানে ২টি উইকেট নেন।
এদিন দারুণ এক রেকর্ড গড়েন শামার জোসেফ। তিনি ৪টি ক্যাচও নেন। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টি মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৪ উইকেট নেয়ার পাশাপাশি ৪টি ক্যাচ নিলেন তিনি। টি–টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপারদের বাইরে ফিল্ডার হিসেবে এক ম্যাচে চার ক্যাচ নেয়া পঞ্চম ক্রিকেটার গায়ানা থেকে উঠে আসা জোসেফ।
দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সামনে এবার সুপার এইটের লড়াই। ক্যারিবীয়রা খেলবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ক্যারিবীরা। এছাড়া ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও ১ মার্চ রোববার ভারতের মুখোমুখি হবে শাই হোপের দল।









