বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টায় শুরু হওয়া ভোটদান শেষ হয়েছে বিকাল ৪টায়। চলছে ভোটগণনা। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। অপেক্ষা। যদিও কারা নির্বাচিত হতে পারেন- তা অনেকটাই অনুমেয়।
সর্বশেষ বিসিবিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল, গতকাল যার মেয়াদ শেষ হয়ে যায়। এবারের নির্বাচনেও তারই সভাপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজ ভোট দেয়ার পর সাংবাদিকদের বুলবুল বলেছেন, ‘আগে কখনো নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলা ঘোষণা করা হবে।
কাউন্সিলরা ভোট দিয়ে ২৩ জন পরিচালক নির্বাচন করবেন, যার মধ্যে বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি দুই পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায়।
আজ বিসিবির নির্বাচনে বুলবুল ছাড়াও ভোট দিতে দেখা যায় শরিফুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, জাভেদ ওমরের মতো সাবেক ক্রিকেটারদের।









