দীর্ঘ এক দশকের সম্পর্কের পর পর্তুগালের সমুদ্রতীরবর্তী শহর কাসকাইসে বিয়ে করেছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ বিয়ের খবর নিশ্চিত করেছেন রোনালদোর প্রতিনিধিরা।

বিয়ের স্থান ও সময় নিয়ে কয়েক দিন ধরে পর্তুগিজ গণমাধ্যমে ব্যাপক জল্পনা চলছিল। শেষ পর্যন্ত রাজধানী লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র কাসকাইসকেই বেছে নেন এ তারকা জুটি। সেখানে তাদের একটি ব্যক্তিগত ভিলাও রয়েছে।

৪১ বছর বয়সী রোনালদো নিজের ইনস্টাগ্রামে বিয়ের আংটি পরা দুজনের হাতের একটি ছবি প্রকাশ করে।

রোনালদোর জনসংযোগ প্রতিষ্ঠান ব্রান্সউইক গ্রুপ জানিয়েছে, অনুষ্ঠানটি ছিল একান্তই ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরের। দম্পতির পাঁচ সন্তানও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল।

ঠিক এক বছর আগে, ৩২ বছর বয়সী মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়েছিলেন। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করার সময় দুজনের পরিচয় হয়। পরে জর্জিনা একাধিক সাক্ষাৎকারে এটিকে প্রথম দেখাতেই প্রেম বলে বর্ণনা করেন।

পর্তুগালের হয়ে সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলেছেন রোনালদো। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এ ফরোয়ার্ড পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন।

অন্যদিকে জর্জিনা নেটফ্লিক্সের জনপ্রিয় ডকু-রিয়েলিটি সিরিজ “আই এম জর্জিনা” এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। ফুটবল, ফ্যাশন ও পারিবারিক জীবনের সমন্বয়ে নির্মিত সিরিজটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছে।

ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী তারকা দম্পতিতে পরিণত হয়েছেন রোনালদো ও জর্জিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি।