ইংল্যান্ডের বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমস শেষ হবে আগামীকাল। বাংলাদেশের জন্য এবারের আসর শেষ হলো গত শুক্রবার। কুস্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়েছে লাল-সবুজের বার্মিংহাম গেমস। এবার কোনো পদক ছাড়াই ফিরছেন বাংলাদেশের অ্যাথলিটরা। অবশ্য পদকের আশাও ছিল না। কর্মকর্তারা আগেই বলে যান, এবার বড় কোনো আশা নেই। অর্থাৎ এবারো ছিল অংশগ্রহণেই গৌরব কিংবা শেখার মিশন। ক্রীড়ায় সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা ছাড়া বারবার অংশ নেয়া বাংলাদেশের প্রত্যাশাটা এ অংশগ্রহণেই গৌরবের মধ্যে আটকে থাকবে আর কতদিন?

ইমরানুর রহমান (১০০ মিটার), রাকিবুল হাসান (২০০ মিটার) ও উম্মে হাফসা রুমকিরা (হাই জাম্প) বার্মিংহামে লড়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। তারা সবাই ব্যর্থ হন। বার্মিংহামে বাংলাদেশের শেষ ডিসিপ্লিন ছিল কুস্তি। আগের ইভেন্টগুলোর মতো এ ইভেন্টের ক্রীড়াবিদরাও দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিতে পারেননি। বাংলাদেশের কুস্তিগিরদের কেউই জয় পাননি।

ফ্রিস্টাইল ৬২ কেজি ওজন শ্রেণীর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের দোলা খাতুন ক্যামেরুনের বার্থা এমেলিয়েন এনগোলের কাছে ১০-০ পয়েন্টে হেরেছেন। পুরুষ ৮৬ কেজি ওজন শ্রেণীতে আব্দুর রশিদ হাওলাদার ৪-০ পয়েন্টে হেরেছেন সিয়েরা লিওনের সেকু কাসেগবামার কাছে। পুরুষ ১২৫ কেজি ওজন শ্রেণীতে লিটন বিশ্বাস ১১-০ পয়েন্টে হেরেছেন জ্যামাইকার অ্যারন জনসনের কাছে।

শুক্রবার টেবিল টেনিসের শেষ ষোলোর লড়াইয়ে পুরুষ দ্বৈতে বাংলাদেশের রামহিম লিয়ন বম ও না মুহতাসিন আহমেদ ৩-০ সেটে হেরেছেন ভারতের শরৎ কমল অচন্ত ও সাথিয়ান গনেশেকারানের কাছে। মেয়েদের দ্বৈতের শেষ আটে সোনাম সুলতানা ও সাদিয়া রহমান জুটি ৩-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের হো টিন টিন ও মারিয়া সাপসিনোস জুটির কাছে।

যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে ঘিরে অনেক আশা ছিল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিনি ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সাতজনের মধ্যে হয়েছেন তৃতীয় হন, সময় নেন ১০.৪৬ সেকেন্ড। সব মিলিয়ে হিটে অংশ নেয়া ৭০ জন স্প্রিন্টারের মধ্যে ইমরানুর হয়েছেন ৩৩তম।