আন্তর্জাতিক আসরে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ম্যাচে আর দেখা যাবে না মুশফিকুর রহিমকে। আজ রোববার এ ঘোষণা দিয়েছেন তারকা ক্রিকেটার।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে বেলা সোয়া ১২টার দিকে মুশফিক জানান, টি-টোয়েন্টি ছাড়লেও অন্য ফরম্যাটের জন্য মাঠে দেখা যাবে তাকে।
তিনি বলেন, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
টি-টোয়েন্টি যে পুরোপুরি ছাড়ছেন না, এরপরই স্পষ্ট করে দেন মুশফিক। তিনি বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।
পাশে থেকে সমর্থন দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানান মুশফিক। তিনি বলেন, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা।
কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে মুশফিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। সর্বশেষ এশিয়া কাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। এরপর দেশে ফিরেই জানালেন অবসরের সিদ্ধান্ত।










